খবরবাংলা ডেস্ক :
মধ্যরাতে মোটরসাইকেলে দুই যুবকের সঙ্গে অচেতন অবস্থায় ঢাকার রাস্তায় দেখা যাওয়া সেই তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকেছে পুলিশ। শনিবার দুপুরে তাকে টঙ্গী থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় ওই তরুণীর বোন ও দুলাভাই উপস্থিত ছিলেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক মানসিক চাপ থেকে তরুণী নিজে মদ পান করেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন।
জিজ্ঞাসাবাদে তরুণীটি দাবি করেন, তিনি নিজ ইচ্ছায় মদ পান করে ওই দুই ব্যক্তিকে ফোন করেছিলেন এবং তারা তাকে সাহায্য করতেই এসেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একাধিক বিয়ের খবরকে মিথ্যা দাবি করে সাবেক স্বামীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তোলেন তিনি।
পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তিকেও শনাক্ত করার চেষ্টা চলছে। আপাতত তরুণীকে তার বোনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ২৬ আগস্ট মধ্যরাতে মোটরসাইকেলের মাঝে এক নিথর তরুণীকে ঝুলন্ত অবস্থায় নিয়ে যেতে দেখে প্রত্যক্ষদর্শীদের মনে সন্দেহের সৃষ্টি হয়েছিল।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











