টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
টাঙ্গাইল জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে রবিবার (৪ জানুয়ারি) ভোর পর্যন্ত জেলার চারটি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রবিবার (৪ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার-এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা হলেন— মো. আবুল হোসেন, মো. আবু তাহের, জাকারিয়া হোসেন, মো. লাল মিয়া, মো. চাঁন মিয়া, আজমত আলী, আব্দুল আলীম ও বারেক হোসেন।
জেলা পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃত আসামিরা মির্জাপুর, দেলদুয়ার, ঘাটাইল ও গোপালপুর থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দেহভাজন আসামি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং যথাযথ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।











