খবরবাংলা ডেস্ক :
২০২৬ ফিফা বিশ্বকাপে ইকুয়েডরকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর আনন্দ-উল্লাসে নেমে আসে লাখো মেক্সিকান সমর্থক। তবে সেই উদযাপনই শেষ পর্যন্ত রূপ নেয় মর্মান্তিক ঘটনায়। অতিরিক্ত ভিড় ও হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত দুইজন নিহত হয়েছেন।
স্থানীয় প্রশাসন প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে। শহরটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শ্বাসরুদ্ধ হয়ে ১৯ বছর বয়সী এক নারী এবং ৪৪ বছর বয়সী এক পুরুষের মৃত্যু হয়েছে। এছাড়া আরও একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে তৃতীয় একজনের মৃত্যুর খবর এলেও, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ।
জানা গেছে, মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্স স্মৃতিস্তম্ভ এবং পাসিও দে লা রিফরমা সড়কের আশপাশে এ দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত ভিড়ের মধ্যে পদদলিত হওয়া এবং অক্সিজেনের ঘাটতিতে দম বন্ধ হয়ে প্রাণহানির ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, খেলা শেষে উদযাপনের সময় আতশবাজি ফোটানো হলে ভিড়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে হুড়োহুড়ি শুরু হলে অনেকেই পড়ে যান এবং পদদলিত হন।
১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করায় সহ-আয়োজক মেক্সিকোর সমর্থকরা ব্যাপক উৎসবে মেতে ওঠেন।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, মেক্সিকো সিটির রাস্তায়, বিশেষ করে অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্স স্মৃতিস্তম্ভের আশপাশে ১০ লাখেরও বেশি মানুষ জড়ো হয়েছিল উদযাপনে।











