স্পোর্টস রিপোর্টার:
দেশে ইলিশের উৎপাদন ও আহরণ কমে যাওয়ায় বাজারে সরবরাহ সংকট তৈরি হয়েছে। এর মধ্যে ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ভারত থেকে ইলিশ আমদানির অনুমতি দেওয়া হলেও বিষয়টি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানত না বলে জানা গেছে।
গত দুই মাসে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে তিন লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। আমদানিকৃত মাছের মূল্য প্রায় ছয় কোটি ৯২ লাখ ৯৫ হাজার টাকা। এসব ইলিশ ভারতের গুজরাটের ভারুচ এলাকা থেকে এসেছে।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক জানান, ব্যবসায়ীদের চাপে সীমিত পরিসরে ইলিশ আমদানির অনুমতি দেওয়া হয়েছিল। তবে নতুন করে আর কোনো ইলিশ আমদানির অনুমতি দেওয়া হবে না।
তিনি বলেন, ইলিশ সমুদ্রের মাছ হলেও প্রজননের জন্য নদীতে আসে। অন্যদিকে ভারতের জেলেরা সমুদ্র থেকেই বেশি ইলিশ ধরে ফেলছেন। এসব কারণেও দেশের ইলিশের মজুত কমে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।
মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, ভারত থেকে ইলিশ আমদানির বিষয়টি জানার পর মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ অসন্তোষ প্রকাশ করেন। কীভাবে এমন একটি স্পর্শকাতর পণ্য আমদানির অনুমতি দেওয়া হলো, তা জানতে তিনি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে ব্যাখ্যা চান।
এরপর মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মন্ত্রণালয়ের সচিবের কাছে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধের বিষয়ে চিঠি দিয়েছেন। ওই চিঠির ভিত্তিতে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে ইলিশ আমদানি বন্ধের সুপারিশ পাঠানোর প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে ইলিশের উৎপাদন কমে বিদেশ থেকে মাছ আমদানি করতে হওয়াকে উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ইলিশের উৎপাদন কমে যাওয়ার কারণ চিহ্নিত করে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশে ইলিশ আমদানির ঘটনা উদ্বেগজনক। তাঁর মতে, ইলিশের মতো জাতীয় গুরুত্বপূর্ণ মাছের ক্ষেত্রে আমদানি ও রপ্তানির বিষয়ে জাতীয় নীতি অনুসরণ করা প্রয়োজন।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, যে কোনো মাছ আমদানি-রপ্তানির ক্ষেত্রে মৎস্য অধিদপ্তর অনুমতি দিয়ে থাকে। ইলিশ আমদানির বিষয়টি তাঁরও জানা ছিল না। পরে বিষয়টি জানতে পেরে তিনি মৎস্য অধিদপ্তরের কাছে ব্যাখ্যা চান।
মন্ত্রী বলেন, ব্যবসায়ীদের চাপে সামান্য পরিমাণ ইলিশ আমদানির অনুমতি দেওয়া হয়েছিল বলে মহাপরিচালক তাঁকে জানিয়েছেন। এরপর তিনি আর কোনো ইলিশ আমদানির অনুমতি না দেওয়ার নির্দেশ দিয়েছেন। তাঁর ভাষ্য, ভারত থেকে বাংলাদেশে আর ইলিশ আসবে না।











