ভূঞাপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় শত বছরের প্রাচীন গোবিন্দাসী খাল এখন দখল ও দূষণের চাপে অস্তিত্ব সংকটে। এক সময় যেখানে ৫০ মিটার প্রশস্ত খাল দিয়ে পালতোলা নৌকা ও ছোট ট্রলার চলাচল করতো, সেখানে এখন খালটি সংকুচিত হয়ে দাঁড়িয়েছে মাত্র ১০ মিটারে।
যমুনা নদী থেকে শুরু হয়ে গোবিন্দাসী বাজার হয়ে অলোয়া ইউনিয়নের আমুলা গ্রাম পর্যন্ত বিস্তৃত ছিল এই খাল। স্থানীয়দের ভাষ্য, একসময় খালটি ছিল ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ। নৌকার হালচালের শব্দে মুখরিত থাকত চারপাশ। কিন্তু সময়ের ব্যবধানে দখল ও অব্যবস্থাপনায় খালটি প্রাণহীন হয়ে পড়েছে।
বর্তমানে খালের দুই পাশ দখল করে গড়ে উঠেছে দোকানপাট, গুদামঘর ও বসতবাড়ি। পাশাপাশি খালটি পরিণত হয়েছে ময়লা-আবর্জনার ভাগাড়ে। নোংরা পানি ও দুর্গন্ধে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই গোবিন্দাসী বাজার ও আশপাশের এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেচব্যবস্থায় বিঘ্ন ঘটছে।
স্থানীয় ৮০ বছর বয়সী জামাল হোসেন জানান, ১৯৬৫ সালে এই খাল দিয়ে নিয়মিত নৌকা চলাচল করতো। এখন প্রভাবশালীদের দখলে খালটি ভরাট হয়ে গেছে। তিনি খাল দখলমুক্ত করে আগের প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানান।
স্থানীয় ব্যবসায়ী লিটন ও মালেকসহ অন্যরা বলেন, সামান্য বৃষ্টি হলেই বাজার ও স্কুলে দুর্গন্ধযুক্ত পানি ঢুকে পড়ে। এতে শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হয় এবং ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হয়। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, খাল পরিদর্শন শেষে দখলমুক্ত ও পুনরুদ্ধারের প্রাথমিক কাজ শুরু হয়েছে। দ্রুতই খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।











