মধুপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মধুপুরে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে মিজানুর রহমান (২৮) নামে এক ভুয়া পুলিশকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) টাঙ্গাইলের পুলিশ সুপার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত মিজানুর রহমান কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি নিজেকে পুলিশ হেডকোয়াটার্সে কর্মরত কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন বলে জানা গেছে।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, দেলদুয়ার উপজেলার পাছএলাসিন গ্রামের সাগর কর্মকারের মাধ্যমে মিজানুর রহমানের সঙ্গে রূপলাল কর্মকারের পরিচয় হয়। রূপলালের মধুপুরের জলচ্ছত্র এলাকায় ৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা চলছিল। এই সমস্যা সমাধানের কথা বলে মিজানুর রহমান ১৭ হাজার টাকা দাবি করেন এবং বৃহস্পতিবার (২৬ মার্চ) ওই টাকা গ্রহণ করেন।
টাকা নেওয়ার পর তিনি সাগর ও রূপলালকে আনারস বাগান দেখার কথা বলে সেখান থেকে চলে যান। পরে তাদের মধুপুর থানা মোড়ে যেতে বলেন। সেখানে প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর এসে আরও ৫ হাজার টাকা দাবি করলে তাদের সন্দেহ হয়। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক জানান, জিজ্ঞাসাবাদে মিজানুর রহমান নিজেকে ভুয়া পুলিশ হিসেবে স্বীকার করেছেন। পুলিশ হেডকোয়াটার্সে যাচাই করেও তার দাবির সত্যতা পাওয়া যায়নি।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে পুলিশের ব্যবহৃত একটি নেভি রঙের জ্যাকেট, একটি মোটরসাইকেল এবং একটি লাল-নীল রঙের সোল্ডার লাইট জব্দ করা হয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, পুলিশ পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার সময় তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।











