খবরবাংলা
,
ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমের শেষ দিন আজ। তফসিল অনুযায়ী, আজই সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে চূড়ান্ত হবে প্রার্থীদের মনোনয়নপত্রের সংখ্যা। যাচাই-বাছাই শেষে মোট কতটি মনোনয়নপত্র বৈধ ও কতটি বাতিল হয়েছে—সে তথ্য প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) থেকে প্রার্থিতা বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। আপিল গ্রহণ চলবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত।
এরপর ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিলের শুনানি ও নিষ্পত্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। আপিল নিষ্পত্তির পর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
ইসির দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকার ২০টি সংসদীয় আসনে মোট ২৩৮ জন প্রার্থীর মধ্যে ১৬১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, অপরদিকে ৮১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যাচাই-বাছাইয়ের শেষ দিনে এই সংখ্যা আরও পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
তথ্য সূত্র : যমুনা টিভি











