খবরবাংলা ডেস্ক :
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পাওয়ার পরপরই সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। একই সঙ্গে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ছাড়া বস্তির ভেতরে কেউ আটকা পড়েছেন কি না কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যেতে পারে।
তথ্য সূত্র : যমুনা টিভি











