খবরবাংলা ডেস্ক :
নাটোরে নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই একটি ট্রাক ব্রিজের রেলিং ভেঙে খাদের পানিতে পড়ে গেছে। এ দুর্ঘটনায় ট্রাকের হেলপার রিপন হোসেন নিহত হয়েছেন। আহত হয়েছেন চালক মাসুদ রানা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে নাটোর সদর উপজেলার হাগুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন হোসেন পাবনার হেমায়েতপুর এলাকার মনিরুল ইসলামের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাফর ইকবাল জানান, দিনাজপুর থেকে পাবনাগামী চালবোঝাই ট্রাকটি হাগুড়িয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে পাশের খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার রিপন হোসেনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনায় ট্রাকচালক মাসুদ রানা গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
পরে আইনি প্রক্রিয়া শেষে নিহত হেলপার রিপনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
তথ্য সূত্র : যমুনা টিভি











