মির্জাপুর
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের মির্জাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম আলী হোসেন। রোববার (৪ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আলী হোসেন মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা বেগম গ্রামের বাসিন্দা এবং ওয়াজ উদ্দিনের ছেলে।
মির্জাপুর থানা পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের সোহাগপাড়া এলাকায় গোড়াই হাইওয়ে থানার সামনে পুলিশের গুলিতে হিমেল নামে এক যুবক গুরুতর আহত হন। ওই ঘটনায় হিমেল, যিনি গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের বাসিন্দা, দুই চোখের দৃষ্টিশক্তি হারান।
ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মির্জাপুর আমলীতে একটি মামলা দায়ের করেন। মামলায় পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাকর্মীসহ ১০০ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার আলী হোসেনকে সোমবার (৫ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।











