খবরবাংলা ডেস্ক :
মোবাইল কোর্টের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নতুন ছয়টি নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে মোবাইল কোর্টের প্রতিটি অভিযান ভিডিওতে ধারণ করতে হবে। একই সঙ্গে জব্দ করা পণ্যের সঠিক হিসাব সংরক্ষণ, আপিল মামলা পরিচালনায় নির্ধারিত আইনজীবী নিয়োগ এবং জেলা পর্যায়ে মিডিয়া সেল গঠন করতে হবে।
এ ছাড়া মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তার জন্য প্রয়োজনীয় কর্মচারীদের মধ্য থেকে পেশকার নিয়োগ এবং তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এর আগে গত ৪ অক্টোবর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় মোবাইল কোর্টের সক্ষমতা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে ছয়টি নির্দেশনা অন্তর্ভুক্ত করে পরিপত্র জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, মোবাইল কোর্টের প্রতিটি অভিযানের ভিডিও ফুটেজ মামলার নম্বর ও তারিখ উল্লেখ করে সংরক্ষণ করতে হবে। এসব ফুটেজ জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি (জে.এম) শাখা এবং সংশ্লিষ্ট সংস্থায় রাখতে হবে। পাশাপাশি ভিডিওর অনুলিপি জেলা প্রশাসনের মিডিয়া সেলে পাঠাতে হবে। কোনো আদেশের বিরুদ্ধে আপিল করা হলে প্রয়োজন অনুযায়ী আদালতে এসব ভিডিও প্রমাণ হিসেবে উপস্থাপন করা যাবে।
জব্দ করা পণ্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করতেও নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্ধারিত নিরাপদ স্থান রাখতে হবে। পণ্য বুঝে নেওয়া, তদারকি এবং আদালতের প্রয়োজনে সরবরাহের দায়িত্ব নির্দিষ্ট ব্যক্তিদের ওপর দিতে হবে।
প্রতিটি জব্দ করা পণ্যের বিবরণ নির্ধারিত রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। সংশ্লিষ্ট সহকারী কমিশনারের স্বাক্ষরের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে মাসে অন্তত একবার সরেজমিনে পণ্য পরীক্ষা করে সত্যায়ন করতে হবে। দ্রুত পচনশীল পণ্য প্রচলিত নিয়ম অনুসরণ করে নিষ্পত্তি করতে হবে।
মোবাইল কোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের শুনানিতে সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য জেলা ম্যাজিস্ট্রেটরা পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পিপি ও সহকারী পাবলিক প্রসিকিউটরদের (এপিপি) মধ্য থেকে আইনজীবী নির্ধারণ করবেন। তাঁদের নিয়োগের বিষয়টি সংশ্লিষ্ট আদালতকে জানাতে হবে।
মামলার অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় নথিপত্র সরবরাহের সমন্বয় করবেন দায়িত্বপ্রাপ্ত আইনজীবী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। পুরো কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
নির্দেশনায় আরও বলা হয়েছে, মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তার জন্য প্রয়োজনীয় কর্মচারীদের লিখিত আদেশের মাধ্যমে পেশকারের অতিরিক্ত দায়িত্ব দিতে হবে। বিভাগীয় কমিশনারের কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে সমন্বয় করে এক মাসের মধ্যে তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্টদের তালিকাও পাঠাতে হবে।
জনসাধারণের কাছে মোবাইল কোর্টের কার্যক্রমের তথ্য পৌঁছে দিতে প্রতিটি জেলায় চার সদস্যের মিডিয়া সেল গঠন করতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক অথবা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ সেলের নেতৃত্ব দেবেন। জেলা তথ্য অফিসের প্রতিনিধি এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
মিডিয়া সেলের দায়িত্ব হবে মোবাইল কোর্টের অভিযানের ছবি, ভিডিও ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা। সেগুলো সম্পাদনার পর সরকারি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে প্রকাশের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে এ কাজে কারিগরি সহায়তাও নেওয়া যাবে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব নাজমা সিদ্দিকা বেগম স্বাক্ষরিত পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











