খবরবাংলা ডেস্ক :
রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানার সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণে দেখা গেছে, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুন।
এ ছাড়া সোহেল রানার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি আইন অনুযায়ী স্বেচ্ছায় গ্রহণ করা হয়েছিল বলেও পর্যবেক্ষণে উল্লেখ করেন আদালত।
মঙ্গলবার সকালে হাইকোর্টে উপস্থিত হয়ে রামিসার বাবা আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড বহাল রাখার আবেদন জানান। এ সময় অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল তাঁকে রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেন।
এর আগে সোমবার এক দিনের শুনানিতে রাষ্ট্র ও আসামিপক্ষের বক্তব্য শোনেন হাইকোর্ট। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দাবি করেন, শিশু রামিসাকে হত্যার পুরো ঘটনা সম্পর্কে স্বপ্না খাতুন জানতেন। বিষয়টি জানার পরও তিনি স্বামী সোহেল রানাকে পালিয়ে যেতে সহযোগিতা করেন। ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তিনি অপরাধের সঙ্গে জড়িত ছিলেন বলে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষ।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি ভবনের ফ্ল্যাটে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার মাত্র ১৯ দিনের মাথায়, গত ৭ জুন বিচারিক আদালত মামলার রায় ঘোষণা করেন। রায়ে সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
পরে ১০ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনের এ মামলার ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করেন। সেই বেঞ্চেই শুনানি শেষে মঙ্গলবার সোহেলের মৃত্যুদণ্ড বহাল এবং স্বপ্না খাতুনকে খালাসের রায় দেওয়া হলো।
তথ্য সূত্র : যমুনা টিভি











