খবর বাংলা ডেস্ক :
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ককটেল বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, ককটেল তৈরি করার সময় অথবা ঘরে সংরক্ষিত ককটেল বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটতে পারে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর রাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সোহান বেপারী পার্শ্ববর্তী সাতগড়িয়া কান্দি এলাকার দেলোয়ার বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোররাতে মুলাই বেপারী কান্দির সাগর বেপারীর বাড়িতে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও স্থানীয়রা বাড়ির পাশের একটি রসুন ক্ষেতে সোহান বেপারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। বিস্ফোরণের তীব্রতায় সাগর বেপারীর টিনের ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











