খবরবাংলা ডেস্ক :
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তবে শেখ হাসিনা নিজেই বাংলাদেশে ফিরতে চাইলে তাঁকে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারতের কোনো আইনি জটিলতা হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে চায়। তবে তিনি নিজে দেশে ফিরতে আগ্রহী হলে প্রত্যর্পণের ক্ষেত্রে ভারতের জন্য আইনি জটিলতা থাকার কথা নয়।
ব্রিফিংয়ে দেশের সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ড নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের কাছে বিপুল পরিমাণ অর্থ রয়েছে। এসব অর্থ ব্যবহার করে বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটানো হচ্ছে।
তিনি বলেন, এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও আতঙ্ক তৈরি হচ্ছে। ইতোমধ্যে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা গেলে এ ধরনের ঘটনা কমে আসবে।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে কেউ দলটির কার্যক্রম পরিচালনা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তথ্য সূত্র : যমুনা টিভি











