সখিপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের সখীপুর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ বাতিল করে পুনরায় নির্বাচিত চেয়ারম্যানদের স্বপদে বহাল করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশনার আলোকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। রোববার (১ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মাহফুজুল আলম মাসুম স্বাক্ষরিত পরিপত্র সংশ্লিষ্ট চেয়ারম্যানদের হাতে পৌঁছে দেওয়া হয়।
পুনর্বহাল হওয়া ইউনিয়ন পরিষদগুলো হলো কাঁকড়াজান, দারিয়াপুর ও বহুরিয়া। এসব ইউনিয়নের চেয়ারম্যান দুলাল হোসেন, আনসার আলী আসিফ এবং নুরে আলম মুক্তা আবারও দায়িত্বে ফিরেছেন। গত ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এসব ইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। পরে নির্বাচিত চেয়ারম্যানরা প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট আবেদন করেন।
আদালতের নির্দেশনার পর বিভাগীয় কমিশনার তদন্ত করে প্রশাসক নিয়োগে অসংগতি পান। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রজ্ঞাপন বাতিল করা হয় এবং নির্বাচিত চেয়ারম্যানদের স্বপদে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে কাঁকড়াজান ইউনিয়নে উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, বহুরিয়া ইউনিয়নে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ এবং দারিয়াপুর ইউনিয়নে উপজেলা মৎস্য কর্মকর্তা বদিউজ্জামান প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান আনসার আলী আসিফ বলেন, হাইকোর্টে রিটের পর আদালতের আদেশের ভিত্তিতে পরিপত্র জারি হয়েছে এবং তারা দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি জানান, আইনের প্রতি সম্মান রেখে পরিষদের কার্যক্রম পরিচালনা করা হবে।
সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল রনী বলেন, উচ্চ আদালতের নির্দেশনা ও বিভাগীয় কমিশনারের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচিত চেয়ারম্যানদের পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।











