খবরবাংলা ডেস্ক :
রাজধানীর ইসিবি চত্বরের পাশে দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজে সশস্ত্র হামলা, গুলিবর্ষণ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতের এ ঘটনায় হাউজিং সোসাইটির অফিস থেকে প্রায় এক কোটি টাকা লুটের অভিযোগ করেছে কর্তৃপক্ষ। একই ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
হাউজিং কর্তৃপক্ষের দাবি, চাঁদার দাবিতে এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে পুলিশ।
ইসিবি চত্বরের পাশেই দক্ষিণ মানিকদীতে নিউগিনি হাউজিং প্রজেক্ট অবস্থিত। প্রায় পাঁচ বিঘা জমির ওপর নির্মাণাধীন এই আবাসিক এলাকায় ১৭টির বেশি বহুতল ভবন রয়েছে। শনিবার রাত ১০টার দিকে হঠাৎ একদল সশস্ত্র ব্যক্তি সেখানে প্রবেশ করে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, চারটি পিকআপ ভ্যানে করে শতাধিক মুখোশধারী ব্যক্তি হাউজিং প্রকল্পে প্রবেশ করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। একপর্যায়ে হাউজিং এলাকার সিসিটিভি ক্যামেরাগুলো ভাঙচুর করা হয়। কয়েকজনকে কুপিয়ে আহত করার পাশাপাশি কম্পিউটার, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নেওয়ার অভিযোগও রয়েছে।
হাউজিং কর্তৃপক্ষের অভিযোগ, হামলাকারীরা সোসাইটির অফিসে ঢুকে প্রায় এক কোটি টাকা নিয়ে যায়। মালিকপক্ষের দাবি, প্রায় দুই মাস আগেও একই কায়দায় সেখানে হামলা চালানো হয়েছিল। তখনও দুর্বৃত্তরা মোটা অঙ্কের টাকা দাবি করেছিল বলে জানান তাঁরা।
নিউগিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন, দুর্বৃত্তরা তাঁদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করছে। একই সঙ্গে ক্রয় করা জমি দখলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে হামলা থেকে রেহাই পায়নি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওও। সেখানে থাকা কর্মীদের মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে সালমান মুক্তাদির বলেন, চাঁদা দাবি করা হলে সামর্থ্য থাকলে তিনি তা দেওয়ার চেষ্টা করতেন। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে ঘটনাটিকে প্রশাসনের ব্যর্থতা হিসেবে মন্তব্য করেন তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। পরে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়।
ক্যান্টনমেন্ট থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











