খবরবাংলা ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মির্জা শফিকুল ইসলাম স্বপনের বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দড়িকান্দি ইউনিয়নের খাল্লা গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে ঘরের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অন্যান্য মূল্যবান সামগ্রী পুড়ে গেছে বলে জানা গেছে।
মির্জা শফিকুল ইসলাম স্বপন দড়িকান্দি ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি এলাকায় থাকছেন না।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার গভীর রাতে স্বপনের বসতঘরে আগুন জ্বলতে দেখে তাঁরা এগিয়ে যান। মুহূর্তের মধ্যেই আগুন ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনার পর শুক্রবার সকালে আগুনে ক্ষতিগ্রস্ত ঘরটি দেখতে সেখানে স্থানীয় লোকজন ভিড় করেন। আগুন কীভাবে লেগেছে, তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।
স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, রাজনৈতিক বিরোধ বা প্রতিহিংসার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে এটি অগ্নিসংযোগের ঘটনা কি না, কিংবা এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আগুনের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা জানতে পুলিশের তদন্ত ও আনুষ্ঠানিক অভিযোগের অপেক্ষা রয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











