খবর বাংলা ডেস্ক :
সাভারে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. রোকন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রোকন জামালপুর জেলার ইসলামপুর থানার নন্দনের পাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত রোকন ও ভুক্তভোগী শিশুর পরিবার একই বাসায় ভাড়া থাকতেন। শিশুটি অভিযুক্তকে ‘মামা’ বলে ডাকত। শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত কার্টুন দেখানোর কথা বলে শিশুটিকে নিজের কক্ষে নিয়ে যান। একপর্যায়ে শিশুটির সঙ্গে আপত্তিকর আচরণের চেষ্টা করা হয়।
শিশুটির মা মেয়েকে খুঁজতে গিয়ে অভিযুক্তের কক্ষে প্রবেশ করে বিষয়টি আঁচ করতে পারেন। এরপর স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করা হয় এবং পুলিশে খবর দেওয়া হয়। পরে রাতেই তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
ওসি আরমান আলী জানান, ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











