খবরবাংলা ডেস্ক :
সারা দেশে পরিচালিত সব অবৈধ ইটভাটা বন্ধে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালতের নির্দেশনা বাস্তবায়ন করে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে দেশের সব বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ, অ্যাডভোকেট মো. সারোয়ার আহাদ চৌধুরী, অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল ও অ্যাডভোকেট নাসরিন সুলতানা। ইটভাটা মালিকদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন মুনতাসির উদ্দিন আহমেদ।
আইনজীবীরা জানান, ২০২২ সালের ১৩ নভেম্বর অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। পরে ইটভাটা অপসারণের পূর্ণাঙ্গ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। এ নির্দেশনার পর বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযানও শুরু হয়।
পরবর্তী সময়ে ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে আদালতে আবেদন করে আদেশ সংশোধনের প্রার্থনা করা হয়। বিশেষ করে জিগজ্যাগ পদ্ধতির ইটভাটাগুলোকে আদেশের বাইরে রাখার আবেদন জানানো হয়। শুনানি শেষে হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আবেদন সংশোধন করলেও অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশ বহাল রাখেন।
এরপর বিভিন্ন ইটভাটার মালিক আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে একাধিক আপিল করেন। তবে চেম্বার জজ আদালত থেকে কোনো স্থগিতাদেশ পাননি তারা। পরবর্তী সময়ে আপিল বিভাগেও ওই আপিলগুলো খারিজ হয়ে যায়।
আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও বিভিন্ন অবৈধ ইটভাটার মালিক পুনরায় কার্যক্রম শুরুর চেষ্টা করছেন—এমন তথ্য পাওয়ার পর মানবাধিকার ও পরিবেশবিষয়ক সংগঠন এইচআরপিবির (HRPB) পক্ষ থেকে আদালতে নতুন আবেদন করা হয়। আবেদনে অবৈধ ইটভাটা অপসারণসংক্রান্ত আগের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিলের আবেদন জানানো হয়।
বৃহস্পতিবার ওই আবেদনের শুনানি শেষে হাইকোর্ট তা মঞ্জুর করেন। আদালত আগের নির্দেশনা অনুযায়ী দেশের সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তর ও সব বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেন। পাশাপাশি আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











