খবরবাংলা ডেস্ক :
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার পর তাঁর দেওয়া বক্তব্য এবং তা নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দেওয়া স্ট্যাটাসের প্রসঙ্গ টেনে অপতথ্য মোকাবিলায় রাজনৈতিক ও সামাজিক সদিচ্ছার প্রয়োজনীয়তার কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সালমান মুক্তাদিরের অভিযোগের পর জামায়াতে ইসলামীর আমির ওই বক্তব্যকে ভিত্তি করে স্ট্যাটাস দিয়েছিলেন—এমন প্রসঙ্গ তুলে জাহেদ উর রহমান বলেন, বিরোধী দলের রাজনীতিতে থাকা কেউ সরকারের কোনো সমস্যা পেলে সেটিকে রাজনৈতিকভাবে কাজে লাগাতে চাইতে পারেন। এটি রাজনৈতিক কর্মকাণ্ডের স্বাভাবিক অংশ বলেও মন্তব্য করেন তিনি।
তবে পরে সালমান মুক্তাদির তাঁর আগের পোস্ট বা বক্তব্য সরিয়ে নিলেও সেটিকে ভিত্তি করে দেওয়া রাজনৈতিক বক্তব্য বা পোস্ট বহাল থাকা নিয়ে প্রশ্ন তোলেন তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, কোনো ব্যক্তি তার আগের বক্তব্য প্রত্যাহার করলে সেই বক্তব্যের ভিত্তিতে দেওয়া রাজনৈতিক বক্তব্য থেকেও সংশ্লিষ্টদের সরে আসা উচিত। এ ক্ষেত্রে সংশ্লিষ্টরা আগে যে তথ্যের ভিত্তিতে বক্তব্য দিয়েছিলেন, পরে তথ্য পরিবর্তিত হলে তা স্পষ্টভাবে জানাতে পারতেন বলেও মন্তব্য করেন তিনি।
জাহেদ উর রহমান বলেন, অপতথ্য মোকাবিলায় শুধু আইনি ব্যবস্থা যথেষ্ট নয়; এর সঙ্গে সামাজিক ও রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন।
সালমানের অভিযোগ ও পরবর্তী বক্তব্য সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার পর তিনি প্রথমে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদা চাওয়ার অভিযোগ করেছিলেন। পরে তিনি জানান, ঘটনাটি চাঁদাবাজির সঙ্গে সম্পর্কিত কি না, তা নিশ্চিত নন। এ বিষয়ে একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের কাছ থেকে তথ্য ছড়িয়ে পড়লে সরকার কীভাবে বিষয়টি দেখছে—প্রেস ব্রিফিংয়ে এমন প্রশ্ন করা হয়।
জবাবে জাহেদ উর রহমান বলেন, হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় সালমান মুক্তাদিরের প্রতি সরকারের সহানুভূতি রয়েছে। তবে কোনো ঘটনার বিষয়ে তাঁর দেওয়া বক্তব্যও যাচাই-বাছাইয়ের বিষয় হিসেবে বিবেচনা করা প্রয়োজন।
তিনি বলেন, সালমান মুক্তাদির ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং হামলার শিকার হয়েছেন—এ কারণে তাঁর প্রতি সহানুভূতি থাকা স্বাভাবিক। একই সঙ্গে ঘটনার পর তিনি যেসব তথ্য প্রকাশ করেছেন, সেগুলোর যথার্থতাও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
তথ্য উপদেষ্টা আরও বলেন, সালমানের বক্তব্যের ভিত্তিতে রাজনৈতিক নেতাদের কেউ কেউ মন্তব্য করেছিলেন। পরে সালমান নিজেই চাঁদাবাজির বিষয়টি নিশ্চিত নয় বলে জানান।
সহিংসতার পক্ষে নয় সরকার হামলা ও ভাঙচুরের ঘটনায় সরকারের অবস্থান তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, কোনো ধরনের সহিংসতার পক্ষে সরকার সাফাই দিচ্ছে না।
তিনি বলেন, এ ধরনের ঘটনা হওয়া উচিত ছিল না এবং তা প্রতিরোধ করা প্রয়োজন ছিল। এখন সরকারের দায়িত্ব হচ্ছে দ্রুত তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিশ্চিত করা।
তিনি আরও জানান, সালমান মুক্তাদিরের স্টুডিও ছাড়াও আরও কয়েকটি স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনাও তদন্তের আওতায় আনার কথা বলেন তিনি।
‘রিচ’ বেশি হলে দায়িত্বও বেশি সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য ছড়িয়ে পড়ার প্রভাবের কথা উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, বিষয়টি শুধু একজন ব্যক্তি বা একটি ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়। কোনো তথ্য দ্রুত ছড়িয়ে পড়লে এর প্রভাবও অনেক বড় হতে পারে।
বিশ্বজুড়ে অপতথ্য এখন একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, যাদের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ‘রিচ’, ‘ভয়েস’ ও ‘ট্র্যাকশন’ রয়েছে, তাদের তথ্য প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন।
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের উদ্দেশে তিনি দায়িত্বশীলভাবে তথ্য প্রকাশের আহ্বান জানান। সাইবার সুরক্ষা আইনের প্রসঙ্গ অপতথ্য মোকাবিলায় জনসচেতনতার পাশাপাশি আইনি কাঠামোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, জনগণকে সচেতন করার পাশাপাশি অনলাইনে অপতথ্য মোকাবিলায় আইনি কাঠামোর আওতায় কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। এ জন্য প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন নিয়ে কাজ চলছে।
এর আগে ২৬ সেপ্টেম্বর এক আলোচনায় জাহেদ উর রহমান বলেছিলেন, প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন এখনও চূড়ান্তভাবে পাস হয়নি এবং এতে প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধনের সুযোগ রয়েছে। একই সঙ্গে অপতথ্য মোকাবিলায় মিডিয়া লিটারেসি বা গণমাধ্যম-সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।











