খবরবাংলা ডেস্ক :
সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া শুধু দায়িত্ব নয়, বরং প্রতিটি আইনপ্রণেতার নৈতিক কর্তব্য। জাতীয় সংসদে মফস্বল সাংবাদিকদের পেশাগত উন্নয়নে সরকারি সহযোগিতার বিষয়টি তুলে ধরেছেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
গত ১২ নভেম্বর মহান জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি মির্জাপুরের সাংবাদিক সংগঠন ‘প্রেসক্লাব মির্জাপুর’-এর সদস্যদের পেশাগত উন্নয়ন ও বিকাশে সরকারের পৃষ্ঠপোষকতা কামনা করেন। তাঁর এ বক্তব্য স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি দেশের বিভিন্ন উপজেলা পর্যায়ে কর্মরত পেশাদার সাংবাদিকদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে।
সংসদে বক্তব্যে আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, মির্জাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে তিনি মাঝেমধ্যে বসে স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তাঁর মতে, প্রেসক্লাবের সাংবাদিকেরা সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন। তাই তাঁদের পেশাগত উন্নয়ন ও বিকাশে সরকারের সহযোগিতা প্রয়োজন।
এদিকে বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সাংবাদিকতার পরিধি বাড়লেও অপসাংবাদিকতা ও অনৈতিক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ রয়েছে। স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের সহজলভ্যতার কারণে অনেকেই সাংবাদিক পরিচয় ব্যবহার করছেন। তাঁদের কেউ কেউ এই পরিচয়ের অপব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও অর্থ আদায়সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন।
দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে অসংখ্য সাংবাদিক সংগঠন গড়ে উঠলেও অনেক সংগঠনের ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা, পেশাগত মানদণ্ড ও জবাবদিহির অভাব রয়েছে। এতে প্রকৃত পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অপতৎপরতার সুযোগ তৈরি হচ্ছে।
তবে এমন পরিস্থিতির মধ্যেও নিজস্ব ঐতিহ্য, সংবিধান ও পেশাগত নীতিমালা বজায় রেখে কাজ করে যাচ্ছে প্রেসক্লাব মির্জাপুর। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকতার মান ও মর্যাদা ধরে রাখার চেষ্টা করছে।
সংগঠনটির সদস্য হওয়ার ক্ষেত্রে রয়েছে নির্দিষ্ট যোগ্যতার শর্ত। সদস্য হতে হলে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হয়। পাশাপাশি জাতীয় কোনো সংবাদপত্র কিংবা টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি হিসেবে সুনামের সঙ্গে অন্তত তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হয়। এসব শর্তের কারণে বর্তমানে সংগঠনটির সদস্যসংখ্যা মাত্র ২১ জন।
সংগঠনটির সদস্যরা স্থানীয় বিভিন্ন ঘটনা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি যাচাই-বাছাই করে সংবাদ পরিবেশন করেন। তাঁদের প্রকাশিত সংবাদ জাতীয় দৈনিক পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের মাধ্যমে দেশজুড়ে প্রচারিত হয়। এতে মির্জাপুরের উন্নয়ন, জনদুর্ভোগ ও স্থানীয় নানা সমস্যার চিত্র জাতীয় পর্যায়ে উঠে আসে।
সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি রাষ্ট্র ও সমাজের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যম। সংবাদমাধ্যমকে সমাজের দর্পণ এবং সাংবাদিকদের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা রাষ্ট্রের অনিয়ম, দুর্নীতি, অসংগতি এবং সাধারণ মানুষের সমস্যাগুলো তুলে ধরার মাধ্যমে গণতন্ত্র, আইনের শাসন ও জবাবদিহি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।
এ কারণে সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, নিরাপত্তা, প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে রাষ্ট্রীয় সহযোগিতা প্রয়োজন। তবে এ ধরনের পৃষ্ঠপোষকতা হতে হবে স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতার সহায়ক। কোনোভাবেই যেন সংবাদমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠতা বাধাগ্রস্ত না হয়, সেদিকেও গুরুত্ব দিতে হবে।
প্রেসক্লাব মির্জাপুর প্রতিষ্ঠার পেছনে যাঁদের অবদান রয়েছে, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। বিশেষ করে প্রয়াত বাবু বিবেকানন্দ চক্রবর্তী, প্রয়াত কিসমত খোন্দকার, প্রয়াত দুর্লভ বিশ্বাস, অধ্যক্ষ সালাহ উদ্দিন বাবর, নিরঞ্জন পাল ও আবুল কাশেম খানের উদ্যোগ, শ্রম ও প্রজ্ঞায় সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল।
মফস্বল সাংবাদিকদের পেশাগত উন্নয়নে জাতীয় সংসদে বিষয়টি তুলে ধরায় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে দেশের প্রতিটি নির্বাচনী এলাকার জনপ্রতিনিধিদের নিজ নিজ অঞ্চলে কর্মরত পেশাদার সাংবাদিকদের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











