খবর বাংলা ডেস্ক :
ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার প্রভাবে হরমুজ প্রণালি বন্ধ থাকায় সংকটে পড়েছে বাংলাদেশের আমদানি-রপ্তানি খাত। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সবজি ও তৈরি পোশাক রপ্তানি প্রায় বন্ধ হয়ে গেছে। পাশাপাশি ইউরোপে পোশাক রপ্তানির ক্ষেত্রেও পরিবহন ব্যয় বেড়েছে। ফলে সামগ্রিকভাবে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।
ব্যবসায়ীরা জানান, জরুরি রপ্তানি কার্যক্রমও প্রায় অচল হয়ে পড়েছে। উড়োজাহাজে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে স্যাম্পল আনা-নেওয়া, ব্র্যান্ড ও ক্রেতাদের সঙ্গে জরুরি কাগজপত্র আদান-প্রদান কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে জ্বালানিসংকটের কারণে অনেক কারখানায় উৎপাদনও ব্যাহত হচ্ছে। ডিজেলের অভাবে লোডশেডিংয়ের সময় জেনারেটর চালু রাখা যাচ্ছে না।
আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো পরিবহন খরচের সঙ্গে মধ্যপ্রাচ্যগামী কনটেইনারের ওপর অতিরিক্ত সারচার্জ আরোপ করেছে। এতে আমদানি-রপ্তানির ব্যয় আরও বেড়েছে। নিরাপত্তা ঝুঁকি বাড়ায় অনেক শিপিং লাইন উপসাগরীয় অঞ্চলে পণ্য পরিবহনের বুকিং সাময়িকভাবে বন্ধ রেখেছে।
ব্যবসায়ীরা বলেন, হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ১ কোটি ৭০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবাহিত হয়, যা বৈশ্বিক সামুদ্রিক তেল বাণিজ্যের প্রায় ২০ শতাংশ। উপসাগরীয় দেশগুলোর জ্বালানি রপ্তানি এই পথনির্ভর। এই পথ বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ছে। দীর্ঘ সময় এই পরিস্থিতি চললে বাংলাদেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে ফ্রেইট চার্জ, বিমা প্রিমিয়াম এবং পণ্য সরবরাহের সময়সীমা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম দীর্ঘমেয়াদে উচ্চ পর্যায়ে থাকলে বাংলাদেশের বহিঃখাতে বড় চাপ সৃষ্টি হতে পারে। বৈশ্বিক বাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০ ডলার বাড়লে বাংলাদেশের মাসিক আমদানি ব্যয় প্রায় ৭০ থেকে ৮০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বাড়তে পারে। এতে বৈদেশিক মুদ্রার চাহিদা বৃদ্ধি এবং বাণিজ্য ঘাটতি বাড়ার ঝুঁকি তৈরি হতে পারে।
ডিসিসিআই মনে করে, সংঘাতের মাত্রা আরও বাড়লে আমদানি ও রপ্তানি উভয় ক্ষেত্রেই ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে বাংলাদেশের রপ্তানিমুখী শিল্প খাত, যেমন তৈরি পোশাক শিল্প, উচ্চ লজিস্টিক ব্যয়, সাপ্লাই চেইন বিঘ্ন এবং সমুদ্রপথে পরিবহনে বাড়তি ঝুঁকির মুখে পড়বে।
বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পোশাক রপ্তানি প্রায় বন্ধ হয়ে গেছে। বিকল্প হিসেবে আটলান্টিক মহাসাগর ঘুরে জাহাজ চলাচল করতে হচ্ছে, এতে অতিরিক্ত প্রায় ১০ দিন সময় লাগছে।
তিনি আরও বলেন, জ্বালানিসংকটের কারণে অনেক এলাকায় দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে। কোনো কোনো এলাকায় পাঁচ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। ফলে কারখানাগুলোকে জেনারেটরের ওপর নির্ভর করতে হচ্ছে। কিন্তু ফিলিং স্টেশনগুলোতে ডিজেল সংকট থাকায় জেনারেটর চালানোও কঠিন হয়ে পড়েছে। এর ফলে রপ্তানি আদেশ অনুযায়ী পণ্য উৎপাদন করা অনেক ক্ষেত্রে সম্ভব হচ্ছে না।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











