খবরবাংলা ডেস্ক :
আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে হারুনুর রশীদের প্রয়াণে শোক জানায় বিসিবি। একই সঙ্গে দেশের ক্রীড়াঙ্গনে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে সংস্থাটি।
বিবৃতিতে বিসিবি জানায়, স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ক্রীড়াঙ্গনে, বিশেষ করে ফুটবলের বিকাশ ও আধুনিকায়নে হারুনুর রশীদ অগ্রণী ভূমিকা পালন করেছেন। দীর্ঘ কর্মজীবনে বাফুফের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটি, ফিফার মিডিয়া কমিটি এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল প্রশাসনে তাঁর ভূমিকা দেশের ক্রীড়া ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেছে বিসিবি।
হারুনুর রশীদকে দেশের অন্যতম সেরা ক্রীড়া সংগঠক হিসেবে অভিহিত করে বিসিবি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
তথ্য সূত্র : কালের কণ্ঠ










