খবর বাংলা ডেস্ক :
দেশে হামের টিকার মজুত স্থিতিশীল রয়েছে এবং আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে হাম বিষয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের টিকা নিয়ে বর্তমানে কোনো সংকট নেই। প্রায় ২ কোটি ১৯ লাখ ডোজ টিকা পাওয়া গেছে এবং মজুতেও আরও রয়েছে। টিকা সংগ্রহ প্রক্রিয়ায় দুর্নীতি ও বিলম্ব এড়াতে এবার টেন্ডার পদ্ধতি বাদ দিয়ে সরাসরি ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহ করা হচ্ছে।
তিনি আরও বলেন, অতীতের টিকা ব্যবস্থাপনায় অবহেলার কারণে পরিস্থিতি জটিল হয়েছিল, তবে বর্তমান সরকার সেই সংকট কাটিয়ে উঠছে।
হাম নিয়ে অযথা আতঙ্ক না ছড়াতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, ১২ এপ্রিল থেকে ঢাকার দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় টিকাদান কার্যক্রম শুরু হবে এবং ৩ মে থেকে সারাদেশে চালু হবে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময় এগিয়ে এনে ২০ এপ্রিল থেকেই সারাদেশে একযোগে এই কর্মসূচি শুরু করা হবে।
তথ্য সূত্র : যমুনা টিভি











