খবরবাংলা ডেস্ক :
মাত্র ছয়টি আসন পেয়ে সরকার পতনের হুমকি দেওয়া রাজনৈতিক দলের মানসিকতায় পরিবর্তন আনা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, পাঁচ-ছয় মাসের সরকারকে ফেলে দিতে বিরোধী দলের লংমার্চের মতো কর্মসূচি হঠকারী সিদ্ধান্ত।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম মনি দাবি করেন, বিগত ১৭ বছর মানুষ ভয়ে ফোনে কথা বলার সাহস পেতেন না। তবে বর্তমানে মানুষ নির্ভয়ে কথা বলতে পারছেন বলে মন্তব্য করেন তিনি।
স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকার আগের যেকোনো সময়ের তুলনায় বেশি গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে চিফ হুইপ বলেন, এ খাতে বাজেট বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে। গত দুই বছর হামের টিকা দেওয়া হয়নি বলেও দাবি করেন তিনি। এর খেসারত বর্তমান সরকারকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেন নূরুল ইসলাম মনি।
রাজধানীতে বেপরোয়া রিকশা চলাচল নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ প্রসঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মন্তব্য করে চিফ হুইপ বলেন, দলটির সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











