খবরবাংলা ডেস্ক :
আগামী গ্রীষ্মকালীন দলবদলে আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজকে আবারও দলে ফেরাতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা কোপের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। বিষয়টি ইতোমধ্যে ইতালিয়ান ক্লাব কোমো কর্তৃপক্ষকেও জানিয়ে দিয়েছে রিয়াল।
বর্তমানে কোমোর অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় নিকো পাজ। চলতি মৌসুমে সিরি আ-তে ১০ ম্যাচ খেলে তিনটি গোল করার পাশাপাশি তিনটি অ্যাসিস্ট করেছেন ২২ বছর বয়সী এই আর্জেন্টাইন মিডফিল্ডার। চ্যাম্পিয়নস লিগেও দারুণ ছন্দে রয়েছেন তিনি। চার ম্যাচে তিন গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন পাঁচটি গোল।
গত গ্রীষ্মকালীন দলবদলে ৬৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে পাজকে কোমোর কাছে বিক্রি করে রিয়াল মাদ্রিদ। এর আগে এক মৌসুম ধারে ইতালিয়ান ক্লাবটিতে খেলেছিলেন তিনি। তবে গত গ্রীষ্মেই তাঁকে ফিরিয়ে আনার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করেনি মাদ্রিদ।
মূলত নিজের ফুটবলীয় দক্ষতা ও অভিজ্ঞতা আরও বাড়াতে কোমোতে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন পাজ। তরুণ এই ফুটবলারের সিদ্ধান্তকে সম্মান জানায় রিয়াল মাদ্রিদ। তবে চুক্তিতে ৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাঁকে পুনরায় দলে ফেরানোর বিশেষ সুযোগ বা বাই-ব্যাক ক্লজ রাখা হয়।
এবার সেই সুযোগ কাজে লাগাতে যাচ্ছে স্প্যানিশ ক্লাবটি। কাদেনা কোপের প্রতিবেদন অনুযায়ী, আগামী গ্রীষ্মেই ৮০ মিলিয়ন ইউরো খরচ করে নিকো পাজকে দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে রিয়াল। এ বিষয়ে কোমো কর্তৃপক্ষকেও নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছে তারা।
উল্লেখ্য, রিয়াল মাদ্রিদের যুব একাডেমিতেই ফুটবলের হাতেখড়ি নিকো পাজের। ক্লাবটির যুব পর্যায়ের বিভিন্ন ধাপ পেরিয়ে মূল দলে সুযোগ পান তিনি। কোমোতে যোগ দেওয়ার আগে রিয়াল মাদ্রিদের মূল দলের হয়ে আটটি ম্যাচেও মাঠে নেমেছিলেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।
তথ্য সূত্র : যমুনা টিভি











