সখিপুর সংবাদ দাতা
অনলাইনে পরিচয় থেকে প্রেম। সেই সম্পর্কের টানে চীন থেকে টাঙ্গাইলের সখীপুরে ছুটে আসেন দং লিয়াং নামে এক যুবক। ইসলাম ধর্ম গ্রহণ করে স্থানীয় এক তরুণীকে বিয়ের আগ্রহ প্রকাশ করলেও ভিসার মেয়াদ কম থাকায় প্রতারণার আশঙ্কায় তাকে ঢাকায় চীনা দূতাবাসে পাঠিয়ে দিয়েছে তরুণীর পরিবার ও স্থানীয়রা।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে সখীপুর বাজারে পৌঁছান দং লিয়াং। খবর পেয়ে ওই তরুণীও বাড়ি থেকে সখীপুরে এসে তাকে স্বাগত জানান। পরে তাকে সঙ্গে নিয়ে বাড়িতে যান তিনি। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে চীনা যুবককে দেখতে ওই বাড়িতে স্থানীয়দের ভিড় জমে।
স্থানীয় জনপ্রতিনিধি সিরাজুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে একটি অ্যাপের মাধ্যমে ওই তরুণীর সঙ্গে দং লিয়াংয়ের পরিচয় হয়। নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই তরুণীকে বিয়ে করার উদ্দেশ্যে বাংলাদেশে আসেন দং লিয়াং।
তবে বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে নানা সন্দেহ তৈরি হয়। তরুণী প্রতারণার শিকার হতে পারেন—এমন আশঙ্কায় স্থানীয়রা দুই পক্ষের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে বিষয়টি পুলিশকেও জানানো হয়। পরে রাত ১২টার দিকে একটি গাড়ি ভাড়া করে দং লিয়াংকে ঢাকায় চীনা দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয়।
তরুণীর নানা জানান, দং লিয়াংয়ের ভিসার মেয়াদ আর মাত্র নয় দিন রয়েছে। এত অল্প সময়ের মধ্যে বিয়ে সম্পন্ন করে তার নাতনিকে চীনে নেওয়া সম্ভব হবে কি না, তা নিয়ে পরিবারের সন্দেহ রয়েছে। এ ছাড়া ওই যুবক মানব পাচারের সঙ্গে জড়িত কি না, সেই আশঙ্কাও করছেন তারা।
পরিবারের পক্ষ থেকে দং লিয়াংকে দেশে ফিরে গিয়ে ওই তরুণীর জন্য চীনের ভিসার ব্যবস্থা করতে বলা হয়েছে। প্রয়োজনীয় প্রমাণপত্র নিয়ে আবার সখীপুরে এলে তখন বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে পরিবারের সদস্যদের ধারণা, তিনি হয়তো আর ফিরে আসবেন না।
অন্যদিকে, দং লিয়াং জানিয়েছেন, ভিসার মেয়াদ বাড়িয়ে তিনি দ্রুত বাংলাদেশে ফিরবেন। এরপর ধর্মীয় রীতি মেনে ওই তরুণীকে বিয়ে করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ হোসেন জানান, তরুণী যাতে কোনো ধরনের প্রতারণার শিকার না হন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে স্থানীয়রা ওই যুবকের সঙ্গে কথা বলেন। পরে তাকে চীনা দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছেন।











