দেলদুয়ার সংবাদ দাতা
টাঙ্গাইলের দেলদুয়ারে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার আটিয়া ইউনিয়নের বিন্দুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন বিকেলে ১০ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আনোয়ার হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিন্দুরিয়া গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের সঙ্গে প্রতিবেশী সাইফুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। পরে আদালতের চূড়ান্ত রায় আনোয়ার হোসেনের পক্ষে এলে তিনি বিরোধপূর্ণ জায়গায় একটি ঘর নির্মাণ করেন।
ভুক্তভোগীর অভিযোগ, আদালতের রায় অমান্য করে সাইফুল ইসলাম তার সহযোগীদের নিয়ে আনোয়ার হোসেনের বাড়িতে হামলা চালান। ওই সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিলেন না। হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে পরিবারের নারী সদস্যদের জিম্মি করে একটি দোচালা টিনের ঘর ভেঙে ফেলে।
আনোয়ার হোসেন আরও অভিযোগ করেন, হামলাকারীরা পরে তার শোবার ঘরে প্রবেশ করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এ ঘটনায় তিনি সাইফুল ইসলামসহ ১০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।











