খবরবাংলা ডেস্ক :
অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় একটি সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে মারা যান তিনি। তাঁর মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
জানা গেছে, ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ার একটি হোটেলে অবস্থান করছিলেন সোহেল খান। মঙ্গলবার সকালে শুটিংয়ের প্রস্তুতি নিয়ে হোটেলকক্ষ থেকে বের হওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাঁকে স্থানীয় টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
সোহেল খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন তাঁর সহকর্মীরা। অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ও ফেসবুকে এক আবেগঘন পোস্টে সহশিল্পীর সঙ্গে কাটানো শেষ মুহূর্তের স্মৃতিচারণ করেছেন।
সোহেল খানের শেষ মুহূর্তের স্মৃতিচারণে জয় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে সোহেল খানের সঙ্গে একই ইউনিটে কাজ করছিলেন শাহরিয়ার নাজিম জয়। ফেসবুক পোস্টে তিনি জানান, বগুড়ার হোটেল মম ইনে শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন সোহেল। সাদা শার্ট ও সাদা প্যান্ট পরে শুটিংয়ে যাওয়ার জন্য তৈরি হয়েছিলেন তিনি।
জয়ের বর্ণনা অনুযায়ী, গাড়ি নিচে অপেক্ষা করছিল। এ সময় প্রোডাকশনের একজন কর্মী তাঁকে নিতে কক্ষে গেলে বের হওয়ার মুহূর্তেই মাটিতে পড়ে যান সোহেল খান। পরে তাঁর মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়। প্রথমে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হলেও দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পোস্টের শেষে জয় লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।’
বিজ্ঞাপনচিত্র দিয়ে মিডিয়ায় যাত্রা প্রায় দুই দশক আগে একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন সোহেল খান। পরে টেলিভিশন নাটকে নিয়মিত হন। একক নাটক ও ধারাবাহিক—দুই মাধ্যমেই অভিনয় করেছেন তিনি।
টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও নিজের অবস্থান তৈরি করেন এই অভিনেতা। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’ (২০০৭), ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘বউয়ের জ্বালা’ (২০০৭), ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ (২০১২), ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী!’ (২০২১) ও ‘শান’ (২০২২)।
এসব সিনেমায় কখনো পার্শ্বচরিত্রে, আবার কখনো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘প্রজাপতি’ সিনেমায় মাহফুজ, ‘অনেক সাধের ময়না’য় মতি ব্যাপারী, ‘দেশা: দ্য লিডার’-এ চেয়ারম্যান এবং ‘শান’ সিনেমায় বাবুল চরিত্রে তাঁর অভিনয় দর্শকের নজর কেড়েছিল।
সর্বশেষ ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া শিহাব শাহীন পরিচালিত ‘জংলি’ সিনেমায় অভিনয় করেন সোহেল খান। এতে তাঁকে একটি গ্যারেজের মালিকের চরিত্রে দেখা যায়।
দীর্ঘ অভিনয়জীবনে নাটক ও সিনেমায় নানা চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিলেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের পাশাপাশি শোক প্রকাশ করছেন ভক্তরাও।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











