খবরবাংলা ডেস্ক :
ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সদস্যদের মধ্যে বাংলাদেশ সম্পর্কে থাকা ভুল ধারণা দূর হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তাঁর মতে, আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো করার নতুন সুযোগ তৈরি হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত আইপিইউর ১৫৩তম সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরে তিনি এ কথা জানান।
গত ৫ অক্টোবর আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে এ দায়িত্ব বুঝে নেন।
একই দিনে আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি।
এই অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও অবস্থান আরও সুদৃঢ় করার সুযোগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, আইপিইউতে গুরুত্বপূর্ণ দায়িত্বে বাংলাদেশি প্রতিনিধিদের অন্তর্ভুক্তি আন্তর্জাতিক অঙ্গনে দেশের সংসদীয় কূটনীতিকে আরও সক্রিয় করতে ভূমিকা রাখতে পারে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











