খবরবাংলা ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশের মানুষ সহজে আর কোনো গণঅভ্যুত্থানে অংশ নেবে না। তার মতে, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণঅভ্যুত্থান হওয়ার সম্ভাবনা নেই।
শনিবার (১১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত ‘গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনীতি: সংকট, সম্ভাবনা ও উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, ‘অনেকে খুব সহজেই আরেকটি গণঅভ্যুত্থানের কথা বলেন। কিন্তু আমি মনে করি, আগামী ১০০ বছরেও বাংলাদেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না। চব্বিশের গণঅভ্যুত্থানে মানুষ শেষবারের মতো জীবন বাজি রেখে নেমেছিল। পরে যখন তারা দেখেছে, এটি কতিপয় মানুষের নিজস্ব সম্পত্তিতে পরিণত হয়েছে এবং উগ্রবাদের উত্থান ও অস্বাভাবিক সম্পদ অর্জনের একটি প্রকল্পে রূপ নিয়েছে, তখন স্বাভাবিকভাবেই মানুষ ভবিষ্যতে এমন কোনো আন্দোলনে অংশ নেওয়ার আগে বহুবার ভাববে।’
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর দেশে ‘ভয়াবহ উগ্রবাদের উত্থান’ ঘটেছে। এই পরিস্থিতি আগে জানা থাকলে অনেকেই আন্দোলনে অংশ নিতেন কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
রুমিন ফারহানা বলেন, ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ১৯৯০ সালের গণ-আন্দোলনের পরও দেশের সাধারণ মানুষ বারবার প্রত্যাশা অনুযায়ী ফল পায়নি। ‘দেশের মানুষ রক্ত দিয়েছে, কিন্তু বারবার প্রতারিত হয়েছে’—বলেন তিনি।
আলোচনা সভায় রাষ্ট্রসংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম, জেএসডির জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব, রাজনৈতিক বিশ্লেষক হেলালুজ্জামান আহমেদ, জেএসডির সহসভাপতি নুরুল আখতার, সিরাজ মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বক্তব্য দেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











