খবরবাংলা ডেস্ক :
ভারতের দিল্লিতে বিক্ষোভ চলাকালে আবারও আটক হয়েছেন সিপিআইএমএল (লিবারেশন)-এর ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা। রোববার (১১ অক্টোবর) বিক্ষোভস্থল থেকে তাঁকে আটক করে পুলিশ।
বিবিসি নেহা বোরাকে পুলিশ হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমটির এক সংবাদদাতার বরাতে জানা যায়, রোববার বিক্ষোভকারীদের সঙ্গে আশ্রম মর্গ এলাকায় পৌঁছান নেহা। তবে সেখানে বেশিক্ষণ অবস্থান করে বিক্ষোভ চালিয়ে যেতে পারেননি তিনি।
নেহা বোরা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, তিনি অন্য বিক্ষোভকারীদের সঙ্গে দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করছেন। পরে পুলিশ ধাওয়া করে তাঁকে আটক করে।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নেহা বোরা
গত ২ অক্টোবর থেকে দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে চলমান আন্দোলনে নেহা বোরা অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছেন। প্রতিবেদন অনুযায়ী, প্রায় প্রতিটি বিক্ষোভের পরই তাঁকে আটক করেছে পুলিশ।
গত শনিবারও দিল্লির যন্তর মন্তরে যাওয়ার পথগুলোতে কড়া নিরাপত্তার মধ্যে তিনি আকস্মিকভাবে দিল্লিতে গিয়ে বিক্ষোভ করেন। পরে তাঁকে আটক করা হয়।
রোববার বিক্ষোভের কৌশল পরিবর্তন করেন নেহা। বিক্ষোভের স্থান ও সময় জানিয়ে সমর্থকদের সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। এরপর নির্ধারিত স্থানে পৌঁছে বিক্ষোভে অংশ নেন। সেখান থেকেই তাঁকে আবার আটক করে পুলিশ।
তবে রোববারের আটকের পর তাঁকে কোথায় নেওয়া হয়েছে বা পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











