খবরবাংলা ডেস্ক :
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির অস্থিতিশীলতার কারণে রাজশাহী থেকে গোবরা পর্যন্ত চলাচলকারী আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের রুট সাময়িকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ট্রেনটি এখন রাজশাহী থেকে কালুখালী জংশন পর্যন্ত চলাচল করবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ কালুখালী-গোবরা অংশে ট্রেনটির চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে।
রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি কালুখালী থেকে গোপালগঞ্জের ওপর দিয়ে গোবরা পর্যন্ত মোট ১১টি স্টেশনে যাত্রাবিরতি করে।
তিনি বলেন, কালুখালী থেকে গোবরা পর্যন্ত ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকায় ওই ১১টি স্টেশনের যাত্রীদের কালুখালী জংশনে নেমে যেতে হবে। একইভাবে যারা টুঙ্গিপাড়া এক্সপ্রেসে রাজশাহী যেতে চান, তাদেরও কালুখালী জংশনে এসে ট্রেনে উঠতে হবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের নির্দেশনায় বলা হয়েছে, রাজশাহী-গোবরা রুটে চলাচলকারী ৭৮৩/৭৮৪ নম্বর আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেসকে কালুখালী-গোবরা অংশ থেকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ট্রেনটি রাজশাহী থেকে কালুখালী জংশন পর্যন্ত চলাচল করবে।
নির্দেশনায় আরও জানানো হয়, রাজশাহী থেকে ছেড়ে আসা ৭৮৪ নম্বর টুঙ্গিপাড়া এক্সপ্রেসের খালি (এমটি) রেক রাতে রাজবাড়ী স্টেশনে রাখা হবে। পরদিন সকালে ৭৮৩ নম্বর টুঙ্গিপাড়া এক্সপ্রেসের রেক নির্ধারিত সময়ে রাজবাড়ী থেকে কালুখালী জংশনে পৌঁছাবে। এরপর সেখান থেকে রাজশাহীর উদ্দেশে যাত্রা করবে ট্রেনটি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ










