খবর বাংলা ডেস্ক :
দেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আজ রোববার (১২ এপ্রিল) থেকে পাঁচটি সিটি করপোরেশন এলাকায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
এই কার্যক্রম চলবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং বরিশাল সিটি করপোরেশন এলাকায়। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (ছুটির দিন ছাড়া) টিকাদান কার্যক্রম চলবে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী এ টিকাদান কর্মসূচি শুরু হবে, যা ১১ মে পর্যন্ত চলবে। ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুরা এই টিকা গ্রহণ করতে পারবে।
এর আগে গত ৫ এপ্রিল দেশের ১৮ জেলার ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় প্রথম ধাপে এই কার্যক্রম চালু করা হয়।
আজ সকাল ৮টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর ১৯ নম্বর ওয়ার্ডের কড়াইল এলাকায় ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’-এর উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
ডিএনসিসি সূত্র জানায়, তাদের ৫৪টি ওয়ার্ডে তিনটি করে টিকাকেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রায় ৪ লাখ ৯৪ হাজার ৬৮৯ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ৬-৯ মাস বয়সী প্রায় ৪৭ হাজার শিশুও রয়েছে।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর পক্ষ থেকে প্রায় ৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











