খবর বাংলা ডেস্ক :
আজ সোমবার (১৬ মার্চ) দেশের ৫৪ জেলায় একযোগে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ছয় মাসে ১ হাজার ২০০ কিলোমিটার এবং পর্যায়ক্রমে পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী-নালা ও খাল-বিল খনন করা হবে।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল সোয়া ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের উদ্দেশে রওনা দেবেন তিনি। বেলা সাড়ে ১১টায় সেখানে সাহাপাড়া খাল খননের উদ্বোধনের মাধ্যমে দেশের আরও ৫৩টি স্থানে একযোগে এই কর্মসূচি শুরু হবে।
উদ্বোধন শেষে তিনি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করবেন এবং পরে এক জনসভায় বক্তব্য রাখবেন।
বেলা সাড়ে তিনটায় দিনাজপুর উপশহর এলাকার ফরিদপুর কবরস্থানে গিয়ে তিনি তার নানা-নানি, খালা ও অন্যান্য নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন। এরপর বিকেল পাঁচটায় শহরের গোর-এ-শহিদ বড় ময়দানে দিনাজপুরের সুধী সমাবেশে অংশ নিয়ে ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেবেন। সন্ধ্যা পৌনে সাতটায় দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
তথ্য সূত্র : যমুনা টিভি











