খবরবাংলা ডেস্ক :
আঞ্চলিক উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কমে গেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) প্রণালিটি দিয়ে মোট ৭টি জাহাজ চলাচল করেছে। এর মধ্যে ৪টি জাহাজ প্রণালি দিয়ে বের হয়ে গেছে এবং ৩টি জাহাজ প্রবেশ করেছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এর আগের দিন মঙ্গলবার হরমুজ প্রণালি দিয়ে ১২টি জাহাজ চলাচল করেছিল। অন্যদিকে, গত ১০ দিনের গড় হিসাবে প্রতিদিন এই প্রণালি দিয়ে প্রায় ১৪টি জাহাজ চলাচল করেছে।
তবে বুধবারের জাহাজ চলাচলের এই হিসাব এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। পরবর্তী সময়ে তথ্য হালনাগাদ হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া কিছু জাহাজ তাদের শনাক্তকরণ সংকেত বা ট্রান্সপন্ডার বন্ধ রেখে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। ফলে এসব জাহাজ সরকারি হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হয়নি।
আঞ্চলিক উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











