খবর বাংলা ডেস্ক :
ইতালিতে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাস। নতুন নিয়মে আবেদন প্রক্রিয়া, স্পন্সরশিপ এবং ভাষাগত যোগ্যতার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
সোমবার (১ জুন) ভিসা প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান VFS Global এ তথ্য নিশ্চিত করেছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ইতালির বিশ্ববিদ্যালয়গুলোর ইউনিভার্সিটালি (Universitaly) পোর্টালে সফলভাবে প্রাক-নিবন্ধন সম্পন্ন করা শিক্ষার্থীদের আলাদাভাবে ভিসা অ্যাপয়েন্টমেন্টের আবেদন করতে হবে না। বিশ্ববিদ্যালয় পোর্টালে ব্যবহৃত ই-মেইল ঠিকানায় সরাসরি যোগাযোগ করে ভিএফএস গ্লোবাল আবেদন জমা দেওয়ার তারিখ ও সময় জানিয়ে দেবে।
স্পন্সরশিপের ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। আগে সাধারণত শুধু বাবা-মায়ের স্পন্সরশিপ গ্রহণযোগ্য ছিল। এখন বাবা-মায়ের পাশাপাশি দাদা-দাদি, নানা-নানি, চাচা, ফুফু, মামা, খালা এবং প্রথম কাজিনরাও শিক্ষার্থীদের আর্থিক গ্যারান্টর হতে পারবেন। এছাড়া ইতালিতে বৈধভাবে বসবাসরত আত্মীয়দের স্পন্সরশিপও গ্রহণ করা হবে।
তবে ভাষাগত দক্ষতা ও শিক্ষাগত নথিপত্রের ক্ষেত্রে কঠোরতা বাড়ানো হয়েছে। এখন থেকে শুধুমাত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানের ভাষা সনদ, যেমন IELTS বা CELI গ্রহণ করা হবে। সনদে মৌখিক, লিখিত, শ্রবণ ও কথোপকথন দক্ষতার বিস্তারিত মূল্যায়ন থাকতে হবে।
এছাড়া আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার সত্যতা যাচাইয়ের জন্য সিআইএমইএ (CIMEA) অথবা ডিক্লেয়ারেশন অব ভ্যালু (DOV) জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
ইতালির বিশ্ববিদ্যালয়ে প্রাক-তালিকাভুক্ত শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা আবেদন জমা দেওয়ার শেষ সময় আগামী ২৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, নতুন এই নির্দেশনার ফলে ভিসা আবেদন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল হবে। তবে ভাষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্রের শর্ত কঠোর হওয়ায় শিক্ষার্থীদের আগেভাগেই প্রস্তুতি সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











