খবর বাংলা ডেস্ক :
যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিপরীতে ইরানের দেওয়া প্রতিক্রিয়া প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের জবাবকে তিনি ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।
সোমবার (১১ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে পাকিস্তানের মাধ্যমে পাঠানো ইরানের প্রতিক্রিয়ার বিস্তারিত বিষয় এখনো প্রকাশ করা হয়নি। পাকিস্তান এ ইস্যুতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের প্রতিনিধিদের পাঠানো প্রতিক্রিয়া তিনি পড়েছেন এবং তা তার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তিনি এটিকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, তেহরানের পক্ষ থেকে দেওয়া জবাবে সব ফ্রন্টে সংঘাত বন্ধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে লেবাননের পরিস্থিতি এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কবে বা কীভাবে পুরোপুরি সচল হবে, সে বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো স্পষ্ট বার্তা দেওয়া হয়নি।
এদিকে, পরমাণু কর্মসূচি নিয়ে সম্ভাব্য আলোচনার আগে যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছে ইরান। বিশ্লেষকদের মতে, এই ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে।
তথ্য সূত্র : যমুনা টিভি











