নিজস্ব প্রতিবেদক :
নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম ঈদকে ঘিরে টাঙ্গাইলের বিভিন্ন মার্কেটে কেনাকাটায় ফিরেছে প্রাণচাঞ্চল্য। দীর্ঘদিনের অস্থিরতা, বাজারে অনিয়ম ও নিরাপত্তা শঙ্কার পর এবার তুলনামূলক শান্ত পরিবেশে শুরু হয়েছে ঈদের কেনাকাটা। শহরের মার্কেট, শপিংমল এবং ফুটপাতের দোকানগুলোতে সকাল থেকেই ক্রেতাদের ভিড় বাড়তে দেখা যাচ্ছে। বিশেষ করে পোশাক, জুতা ও প্রসাধনী দোকানগুলোতে ব্যস্ততা বেশি।
ক্রেতারা জানান, আগের তুলনায় বাজার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় পরিবার নিয়ে কেনাকাটায় বের হতে স্বস্তি পাচ্ছেন তারা। আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও ট্রাফিক ব্যবস্থাপনা বাড়ানোয় শহরবাসীর মধ্যে নিরাপত্তার অনুভূতিও তৈরি হয়েছে। বিক্রেতারাও আশাবাদী, নতুন সরকারের সময়ে ব্যবসা-বাণিজ্যে স্থিতিশীলতা ফিরে আসবে এবং ঈদের শেষ দিকে বিক্রি আরও বাড়বে।
টাঙ্গাইল শহরের বিভিন্ন শপিংমল ও মার্কেটে ক্রেতাদের ভিড় দেখা গেলেও চড়া দামের কারণে অনেকেই বড় মার্কেটের পরিবর্তে ফুটপাতের দোকানে ঝুঁকছেন। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা মূলত শিশুদের পোশাক কেনাকাটায় বেশি গুরুত্ব দিচ্ছেন এবং নিজেদের জন্য বেছে নিচ্ছেন সাশ্রয়ী পণ্য। কেউ কেউ আবার পছন্দের পোশাক দেখে রেখে ঈদের কাছাকাছি সময়ে কেনার পরিকল্পনা করছেন, আবার কেউ অনলাইনে কেনাকাটার কথাও ভাবছেন।
শহরের মার্কেটে পরিবার নিয়ে কেনাকাটা করতে আসা শিবলী-নিলুফা দম্পতি জানান, দুই সন্তানের জন্য কেনাকাটা করতেই তাদের বাজেট শেষ হয়ে গেছে। তাই নিজেদের জন্য পোশাক কিনতে তারা ফুটপাতের দোকান বেছে নিয়েছেন।
ব্যবসায়ীরা জানান, গত দুই বছরে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়েছিল। তবে এবার নতুন সরকারের সময়ে ক্রেতারা স্বাভাবিকভাবে কেনাকাটা করছেন, যা ব্যবসায়ীদের জন্য ইতিবাচক বার্তা।
ইফতারের আগে ও পরে শহরের মার্কেট ও শপিং কমপ্লেক্সগুলোতে সবচেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে। অনেক সময় ক্রেতাদের ভিড়ে কেনাকাটা করাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। আকিদা নামের এক তরুণী বলেন, পছন্দের পোশাক না পেলে তিনি অনলাইনে অর্ডার করবেন বলে ভাবছেন।
দোকান ব্যবস্থাপক রাকিবুল ইসলাম জানান, উন্নতমানের টি-শার্টের চাহিদা বেশি। তবে বেশিরভাগ চাকরিজীবী বেতন ও বোনাস পাওয়ার পরই মূল কেনাকাটা শুরু করেছেন।
অন্যদিকে ফুটপাতের দোকানগুলোতে ভিড় আরও বেশি দেখা গেছে। ফুটপাতের ব্যবসায়ী নাসির উদ্দীন জানান, ব্র্যান্ডের জুতার বদলে কম দামের রেপ্লিকা পণ্যেই সন্তুষ্ট হচ্ছেন অনেক ক্রেতা। এতে তাদের বিক্রিও ভালো হচ্ছে। শহরের বিভিন্ন সড়কে ভ্যান, চৌকি ও পাটি বিছিয়ে দোকান বসিয়ে ব্যবসা করছেন অনেক বিক্রেতা।
বাচ্চাদের পোশাক কিনতে আসা শহীদুল ইসলাম বলেন, ফুটপাতেই সাধ ও সাধ্যের মধ্যে অনেক কিছু পাওয়া যায়—বাচ্চাদের জামা-কাপড় থেকে শুরু করে নিজের শার্ট-প্যান্ট ও স্ত্রীর থ্রি-পিস পর্যন্ত।
তবে ঈদের বাজারকে কেন্দ্র করে টাঙ্গাইল শহরের বিভিন্ন সড়কে দিনভর যানজটও দেখা যাচ্ছে। সব মিলিয়ে বড় মার্কেট থেকে ফুটপাত—সবখানেই এখন ঈদের কেনাকাটার উৎসবমুখর পরিবেশ, যদিও দামের চাপ সামলাতে ক্রেতারা খুঁজছেন সাশ্রয়ী বিকল্প।











