খবর বাংলা ডেস্ক :
শুধু একটি দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, আমি এবং আমরা একটি বিশেষ দেশের বিরুদ্ধে অতীতেও সংগ্রাম করেছি, এখনও করছি এবং ভবিষ্যতেও করব। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা সবচেয়ে বেশি দেশপ্রেমিক।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা ভবন মিলনায়তনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, আগে নিজের দেশকে ভালোবাসতে হবে, তারপর অন্য দেশের বিরুদ্ধে কথা বলতে হবে। নিজের দেশকে ভালো না বেসে শুধু অন্য দেশের বিরোধিতা করে দেশপ্রেমের শিক্ষা দেওয়া যায় না।
অনুষ্ঠানে উপস্থিত তরুণ মাল্টিমিডিয়া রিপোর্টারদের উদ্দেশে তিনি বলেন, তোমরা সবাই তরুণ। এই বয়স থাকতে থাকতে চিনে রাখতে হবে—এই দেশে কারা প্রকৃত দেশপ্রেমিক এবং কারা দেশের বিরুদ্ধে অবস্থান নেয়।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একবার বলেছিলেন, তিনি দেশের স্বার্থ নিয়ে কথা বলবেন এবং সেই পথে অন্য কারো স্বার্থে আঘাত লাগলেও তাতে তার কিছু আসে যায় না। সেই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে মির্জা আব্বাস বলেন, নিজের দেশকে ভালোবেসে অন্য দেশের বিরোধিতা করলে কোনো সমস্যা নেই, কিন্তু শুধু বিরোধিতার মাধ্যমেই দেশপ্রেম প্রমাণ করা যায় না।
গণভোট প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের বিষয়টি বিএনপি কখনোই অস্বীকার করে না। যার প্রয়োজন সে ‘হ্যাঁ’ ভোট দেবে, যার প্রয়োজন সে ‘না’ ভোট দেবে। এই স্বাধীনতা অর্জনের জন্যই তো আন্দোলন করা হয়েছে। তবে তিনি বলেন, কাউকে জোর করে কোনো একটি পক্ষে ভোট দিতে বাধ্য করা যায় না এবং এই বিষয়টি সবাইকে মেনে নিতে হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











