খবরবাংলা ডেস্ক :
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মতারিখ, নিজের নাম এবং পিতামাতার নাম সম্পূর্ণ পরিবর্তন বা সংশোধনের সুযোগ এখন থেকে একবারের বেশি থাকছে না।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
পরিপত্র অনুযায়ী, অনলাইনে যাচাই করা যায় এমন শিক্ষা সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন এখন থেকে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিষ্পত্তি করবেন। এতে বলা হয়েছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুযায়ী জন্মতারিখ সংশোধনের আবেদন এবং নিজের নাম ও পিতামাতার নাম সম্পূর্ণ পরিবর্তনের আবেদন জাতীয় পরিচয়পত্রের মহাপরিচালক নিষ্পত্তি করবেন।
সংশোধনে থাকছে নির্দিষ্ট সীমা নতুন নির্দেশনার ফলে এনআইডিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য পরিবর্তনের ক্ষেত্রে আবেদনকারীদের আরও সতর্ক হতে হবে। জন্মতারিখ, নিজের নাম এবং পিতামাতার নামের সম্পূর্ণ পরিবর্তন বা সংশোধন একবার সম্পন্ন হওয়ার পর একই তথ্য আবার পরিবর্তনের সুযোগ থাকবে না।
ইসি জানিয়েছে, সংশোধনের আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট নথি ও সনদের তথ্য যাচাই করে নির্ধারিত কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। ফলে এনআইডির গুরুত্বপূর্ণ তথ্য সংশোধনের আগে সঠিক কাগজপত্র যাচাই করে আবেদন করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











