কালিহাতী সংবাদ দাতা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে তল্লাশি অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (৯ মে) দুপুরে টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুর রহমান।
আটক ব্যক্তি শফিকুল ইসলাম শফি (৪১)। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাঁচটিকরি গ্রামের বাসিন্দা এবং আনছের আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ছেড়ে আসা ‘ঢাকা এক্সপ্রেস’ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা শফিকুল ইসলামকে সন্দেহ হলে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে তার কাছে থাকা দুটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেট থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে যাত্রীবেশে মাদক পরিবহন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাকে উদ্ধারকৃত আলামতসহ কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, মাদক নির্মূলে মহাসড়কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।











