খবর বাংলা ডেস্ক :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহিদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সরকার।
রোববার (৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি ওএইচসিএইচআর (OHCHR)-এর কাছে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল পাঠিয়েছে। এতে হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা চাওয়া হয়েছে।
জেনেভাস্থ মিশন জানিয়েছে, ওএইচসিএইচআর থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেলে তা দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হবে। সরকার পুনর্ব্যক্ত করেছে যে, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











