কালিহাতী সংবাদদাতা :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের দিমুখা কেন্দ্রীয় ঈদগাঁ মাঠকে কেন্দ্র করে দুই গ্রামসহ আশপাশের পাঁচ গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দিমুখা ও মুন্দাইল গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত ঐতিহ্যবাহী এ ঈদগাঁ মাঠে দীর্ঘদিন ধরে আশপাশের কয়েকটি গ্রামের মুসল্লিরা একই সঙ্গে ঈদের নামাজ আদায় করে আসছেন। তবে সম্প্রতি মাঠটির নাম পরিবর্তন ও মালিকানা নিয়ে বিরোধ দেখা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ অবস্থায় সম্ভাব্য সংঘর্ষ বা প্রাণহানীর মতো অপ্রীতিকর ঘটনা এড়াতে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন।
জারিকৃত আদেশ অনুযায়ী, ঈদের দিন সকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত ঈদগাঁ মাঠ ও সংলগ্ন প্রায় ৪০০ গজ এলাকায় সকল ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, পিকেটিং, মাইকিংসহ যেকোনো ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ওই এলাকায় বিস্ফোরক দ্রব্য বহন এবং যেকোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডও নিষিদ্ধ করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ব্যক্তিবর্গ এবং স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক চলাচল এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ইট-পাটকেলের আঘাতে উভয় পক্ষের অন্তত ১৫/২০ জন আহত হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে- গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে আহতদের মধ্যে ৯ জন টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। তাদের মধ্যে মুন্ধন (কালিবাড়ী বাজার) এলাকার মৃত শমসের আলীর ছেলে জাবেদ আলীর (৫৫) অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
প্রশাসনের বক্তব্য –
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে একাধিকবার উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হলেও তা ফলপ্রসূ হয়নি। গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সম্ভাব্য সংঘর্ষ ও প্রাণহানী এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তিনি সকলকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান এবং প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে বলে জানান।
কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌফিক ই আজম বলেন, পুলিশ মোতায়েন করা হয়েছে কোন প্রকার যাতে সহিংসতা না হয়।











