সাইফুল ইসলাম সবুজ
,
কালিহাতী প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মহেলা গ্রামে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘মহেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মহেলা রাবেয়া সিরাজ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই হাইভোল্টেজ খেলায় ভাবলা স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে ৯-৮ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হিন্নাইপাড়া ফুটবল একাদশ।
‘খেলাধুলায় বাড়ে মনোবল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লগোনে গ্রামবাসীর সার্বিক ব্যবস্থাপনা ও যৌথ উদ্যোগে টুর্নামেন্টটির আয়োজন করা হয়।
খেলার শুরু থেকেই উভয় দলের খেলোয়াড়দের নান্দনিক আক্রমণ ও পাল্টা-আক্রমণে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। নির্ধারিত সময়ের খেলা সমতায় শেষ হলে ম্যাচটি গড়ায় রোমাঞ্চকর টাইব্রেকারে। চরম উত্তেজনাপূর্ণ পেনাল্টি শুটআউটে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় হিন্নাইপাড়া ফুটবল একাদশ। হাজারো দর্শকের মুহুর্মুহু করতালি ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো স্কুল প্রাঙ্গণ।
ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, বাংলাদেশ মহিলা ক্রীড়া পরিষদের সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন।
মহেলা রাবেয়া সিরাজ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব নূর বাদশা সরকারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র মো. শাফি খান, এলেঙ্গা উচ্চ বিদ্যালযয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোজাম্মেল হক হিরো, সহদেবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাসুদুর রহমান বালা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, এলেঙ্গা পৌর যুবদলের সদস্য মোফাজ্জল হোসেন। খেলায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন ।











