কালিহাতী
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক নারী শিক্ষককে লাঞ্ছিতের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামাল হোসেন (২৪) নামের এক যুবক তার শিশুকন্যাকে বিদ্যালয়ে রেখে আসার কথা বলে শ্রেণিকক্ষে প্রবেশ করেন। এ সময় সেখানে থাকা সহকারী শিক্ষিকাকে তিনি অশোভন প্রস্তাব দেন বলে অভিযোগ ওঠে। পরে তাকে জোর করে স্পর্শ করার চেষ্টা করলে শিক্ষিকা চিৎকার দিলে অন্য শিক্ষক ও কর্মচারীরা এগিয়ে আসেন।
এ সময় উপস্থিত লোকজন অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন। পরে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) মনসুর রহমান জানান, ভুক্তভোগী শিক্ষিকার অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি নারীর প্রতি সহিংসতার অভিযোগে রুজু করা হয়েছে। দুপুরে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়। ঘটনার পর বিদ্যালয় ও আশপাশের এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।











