টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে টাঙ্গাইলে র্যালি, আলোচনা সভা ও বইপাঠ কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেছে বাতিঘর আদর্শ পাঠাগার। জ্ঞানচর্চায় উৎসাহ এবং গ্রন্থাগার কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে ২০১৮ সাল থেকে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি”।
সকালে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে আয়োজিত র্যালিতে বাতিঘর আদর্শ পাঠাগারের পাঠক, সদস্য এবং লাবিবা লুবাবা শিক্ষার পরিবারের শিক্ষার্থীরা অংশ নেন। পরে পাঠাগারের পাঠকক্ষে গ্রন্থাগার ও বই পড়ার গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, জ্ঞানভিত্তিক আলোকিত সমাজ গঠনে পাঠাগারের ভূমিকা অপরিসীম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মো. শাহজাহান, সহকারী লাইব্রেরিয়ান জাহিদ হাসান, সদস্য মো. রাকিব হাসান, সিয়াম আহমেদ, মো. সিয়াম হোসেন, মো. হাবিবুর রহমান, দুলাল মিয়াসহ অন্যান্য পাঠক সদস্যরা।
উল্লেখ্য, “এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি” স্লোগানকে সামনে রেখে ২০১০ সালের ২১ ফেব্রুয়ারি টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চৌরাকররা গ্রামে প্রতিষ্ঠিত হয় বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি পাঠাভ্যাস গড়ে তোলা এবং বিভিন্ন মানবিক, সামাজিক ও পরিবেশ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।











