খবরবাংলা ডেস্ক :
টাঙ্গাইলের কালিহাতীতে প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র ছাড়া ক্লিনিক ও হাসপাতাল পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানে তিনটি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে কালিহাতী সদর এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তাজনীন।
অভিযান সূত্রে জানা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কালিহাতী সদরের চারটি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে পরিদর্শন করা হয়। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানে প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র না থাকা এবং চিকিৎসাসেবায় বিভিন্ন অনিয়মের বিষয় ধরা পড়ে।
পরে ভ্রাম্যমাণ আদালত তিনটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেন। এর মধ্যে তানিজা ডিজিটাল হসপিটালকে ১ লাখ টাকা, কালিহাতী পপুলার হাসপাতালকে ৫০ হাজার টাকা এবং বিসমিল্লাহ ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার মোট ১ লাখ ৫৫ হাজার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তাজনীন বলেন, স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা এবং অনিয়মকারী ও অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











