খবরবাংলা ডেস্ক :
কুমিল্লা নগরীর গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, সিপিসি-২। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালানো হলেও সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার দৌলতপুর গ্রামের মো. হুমায়ুনের ছেলে মো. ছামির ইসলাম (২০) এবং গোবিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. মনজুরুল ইসলাম (৩০)।
সোমবার দুপুর ১২টার দিকে নগরের শাকতলা কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে এসআরবি-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানায় সংস্থাটি।
ছিনতাই-চাঁদাবাজিতে জড়িত থাকার দাবি এসআরবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন কুমিল্লার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শনের মাধ্যমে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা জানিয়েছে।
তবে তাদের বিরুদ্ধে এসব অভিযোগের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
মেজর সাদমান ইবনে আলম বলেন, অস্ত্রধারীদের বিরুদ্ধে এসআরবি হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











