খবর বাংলা ডেস্ক :
কুমিল্লার বুড়িচং উপজেলায় শয়নকক্ষের দরজা ভেঙে ঢুকে প্রবাসীর স্ত্রীকে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে ভাসুরসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ২২ বছর বয়সী গৃহবধূ বুড়িচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ তার স্বামী প্রবাসে থাকায় শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন। একই বাড়িতে থাকা ভাসুর সজিব মিয়া (৩০), জা সাহিদা আক্তার (২৫), শ্বশুর দিদার হোসেন এবং শাশুড়ি রানুয়ারা বেগম দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি অনুযায়ী, গত ২ মে রাত সাড়ে ১১টার দিকে তিনি নিজ কক্ষে স্বামীর সঙ্গে ফোনে কথা বলছিলেন। এ সময় অভিযুক্ত সজিব মিয়া ও সাহিদা আক্তার দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং একপর্যায়ে মারধর শুরু করেন। পরে তাকে টেনে-হিঁচড়ে ঘরের বাইরে নিয়ে যাওয়া হয় এবং অন্যরা মিলেও হামলায় অংশ নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মারধরের সময় লাঠি, কিল-ঘুষি ব্যবহৃত হয় বলে অভিযোগে বলা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং ব্যবহৃত মোবাইল ফোনও ভাঙচুর করা হয়।
ভুক্তভোগী আরও জানান, বিয়ের পর থেকেই তিনি নানা ধরনের নির্যাতনের শিকার হয়ে আসছেন। তিনি নিরাপত্তাহীনতার আশঙ্কা প্রকাশ করে প্রশাসনের কাছে বিচার ও সুরক্ষার দাবি জানিয়েছেন।
ঘটনার পর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। বর্তমানে তিনি বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
বুড়িচং থানার ওসি লুৎফুর রহমান জানিয়েছেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











